বালিগোড়ি বাসুদেবপুরে ১১তম তিরন্দাজ প্রতিযোগিতা, অংশ নিলেন ৮–১০ জেলার ১৪০ প্রতিযোগী
হুগলির আলিগোড়ি বাসুদেবপুর এলাকায় শস্মানকালী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো মাননীয় ঈশ্বর গোপিনাথ হেমব্রম মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে ১১তম বর্ষ তিরন্দাজ প্রতিযোগিতা। রবিবার লোকনাথ রেল স্টেশন সংলগ্ন মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৮ থেকে ১০টি জেলার মোট ১৪০ জন প্রতিযোগী, পুরুষ ও মহিলা উভয় বিভাগেই এই প্রতিযোগিতায় অংশ নেন। ঐতিহ্যবাহী এই তিরন্দাজ প্রতিযোগিতা প্রথম দিকে মূলত আদিবাসী সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে শুরু হয়েছিল।
তবে সময়ের সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠান আজ একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। বর্তমানে আদিবাসী সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষও সমানভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতা করছেন।
কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী বছর এই তিরন্দাজ প্রতিযোগিতাকে আরও বড় আকারে আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাবনা রয়েছে যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ৭ দিনের একটি মেলারও আয়োজন করা হতে পারে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যথেষ্ট আশাবাদী। তাঁদের মতে, এই ধরনের আয়োজন শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করে।









