৬ই ফাল্গুনে বনমালিপুরে ভক্তদের ঢল — হুগলির বৃহত্তম মন্দিরে শুরু বাৎসরিক উৎসব, সঙ্গে বিশাল মেলা
হুগলী, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : বাংলা ৬ই ফাল্গুন ১৪৩২-এ জেলার ধর্মপ্রাণ মানুষের জন্য বিশেষ দিন।

হুগলী জেলার বনমালিপুরে অবস্থিত সুবিশাল মন্দিরে আজ থেকে শুরু হলো বাৎসরিক মহোৎসব।

চিত্র : সিঙ্গুর টিভি নিউজ
সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগমে ভরে ওঠে মন্দির চত্বর। পূজা, অর্চনা, প্রসাদ বিতরণ ও হরিনাম সংকীর্তনে মুখর ছিল গোটা এলাকা। সন্ধ্যাতেও দেখা যায় উপচে পড়া ভিড়।

প্রায় ১৫০ বিঘা জমির উপর বিস্তৃত এই মন্দির বর্তমানে হুগলী জেলার সবচেয়ে বড় মন্দির হিসেবে পরিচিতি পেয়েছে।

শ্বেত পাথরে নির্মিত মূল বিগ্রহের বিশেষ বৈশিষ্ট্য—একই দেহে বিরাজমান ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর।

এই বিরল রূপ দর্শনের জন্যই বহু দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে উপস্থিত হন।

মন্দিরের আরেকটি আকর্ষণীয় দিক হল উপরের অংশে অবস্থিত ছোট একটি ব্রহ্মদত্তের মূর্তি। সিঁড়ি বেয়ে উপরে উঠলে মূল বিগ্রহের ঠিক উপরে এই মূর্তি দর্শন করা যায়।

যদিও এখনও মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ হয়নি, তবুও তার বিশাল পরিসর ও স্থাপত্য ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে।

উৎসব উপলক্ষে আজ থেকেই শুরু হয়েছে বিশাল মেলা। নাগরদোলা, বিভিন্ন পসরা, খাদ্য স্টল ও শিশুদের বিনোদনের একাধিক আয়োজন থাকায় সন্ধ্যার পর ভিড় আরও বেড়ে যায়।
🎡 মেলা শুরু: ১৯-০২-২০২৬
🎠 মেলা শেষ: ০১-০৩-২০২৬
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ভিড় আরও বাড়বে। তাই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আপনি যদি এখনও না গিয়ে থাকেন, আগামীকাল সপরিবারে ঘুরে এসে উপভোগ করতে পারেন হুগলির এই ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনোৎসব।






