চন্ডীতলায় বিজেপির ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচি, সরকারের বিরুদ্ধে তোপ
চন্ডীতলা, হুগলি: পশ্চিমবঙ্গ সরকারের ১৫ বছরের শাসনকালকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপির পক্ষ থেকে চন্ডীতলায় অনুষ্ঠিত হলো “চাকরি চায় বাংলা” কর্মসূচি।
শুক্রবার শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চন্ডীতলা বিধানসভার চন্ডীতলা মণ্ডল ১-এর উদ্যোগে জঙ্গলপাড়া বাজার বাসস্ট্যান্ডে আয়োজিত হয় এই কর্মসূচি।
একইসঙ্গে পালন করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জির সমর্পণ দিবস।
সভা থেকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরে রাজ্যে উল্লেখযোগ্য শিল্পায়ন হয়নি, ফলে কর্মসংস্থানের ক্ষেত্রও প্রসারিত হয়নি। তাঁদের দাবি, বহু শিক্ষিত যুবক-যুবতী আজ বেকার অবস্থায় রয়েছেন।
সম্প্রতি স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিতর্ক ও চাকরি বাতিলের ঘটনাকেও ইস্যু করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শোনা যায়।
চন্ডীতলা মন্ডল ১ সভাপতি সুরজিৎ কোলে বলেন, “রাজ্যের মানুষ ভাতা নয়, স্থায়ী চাকরি চান। ছাত্রছাত্রীরা স্বাক্ষর দিয়ে তাঁদের দাবি জানাচ্ছেন। সেই স্বাক্ষর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব।”
তিনি আরও অভিযোগ করেন, চন্ডীতলা বিধানসভা এলাকায় দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ কলেজের অভাব রয়েছে, যার ফলে উচ্চমাধ্যমিকের পর পড়ুয়াদের অন্যত্র যেতে হচ্ছে। বিজেপির দাবি, ক্ষমতায় এলে এলাকায় কলেজ, আইটিআই এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
সভায় বক্তারা রাজ্যের যুবসমাজের জন্য ঘোষিত বিভিন্ন ভাতা প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য, ভাতার পরিবর্তে শিল্প স্থাপন ও স্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত করা প্রয়োজন।
বিজেপি নেতৃত্বের দাবি, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষ পরিবর্তন চান এবং সেই পরিবর্তনের লক্ষ্যে তাঁরা মাঠে নেমেছেন।





