প্রত্যন্ত গ্রাম থেকে প্রশাসনের শীর্ষে—খানাকুলের গর্ব ডিএসপি প্রদীপ্ত বাগ
খানাকুল | হুগলি : খানাকুল তথা আরামবাগ মহকুমার গর্ব হয়ে উঠলেন প্রত্যন্ত গ্রামের মেধাবী তরুণ প্রদীপ্ত বাগ। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষায় রাজ্যজুড়ে ১৭তম স্থান অধিকার করে তিনি ইতিমধ্যেই ডিএসপি (DSP) পদে মনোনীত হয়েছেন। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া গোটা খানাকুল জুড়ে।
রবিবার খানাকুল বিধানসভার অন্তর্গত এলাকায় তাঁর নিজ বাসভবনে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। খানাকুল ডব্লুবিসিএস ব্যাংক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা গ্রহণ করে প্রদীপ্ত বাগ বলেন,
“ভালো লাগছে ঠিকই, কিন্তু আরও ভালো লাগবে যদি আমার দেখাদেখি আমার এলাকার আরও ছাত্রছাত্রী বড় স্বপ্ন দেখে। রাজ্য ও দেশের বড় পদে যদি তারা পৌঁছাতে পারে, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি জানান, ২০২০ সাল থেকে শুরু হয়েছিল তাঁর প্রস্তুতির পথ।
“আমাদের এলাকা বন্যাপ্রবণ। ছোট থেকেই নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা করতে হয়েছে। অনেক বাধা এসেছে। কিন্তু বাবা-মায়ের আশীর্বাদ ও উপরওয়ালার কৃপায় ধীরে ধীরে সম্ভব হয়েছে।”
যুবসমাজের উদ্দেশে বার্তা
“হীনমন্যতায় ভুগলে চলবে না—আমি গরিব, আমি ছোট স্কুলে পড়ি, আমাকে গাইড করার কেউ নেই—এই ভাবনা থেকে বেরোতে হবে। মনে রাখতে হবে, আমার মধ্যেই সেই সম্ভাবনা আছে। যতক্ষণ না সফল হব, ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে।”
পড়াশোনার কৌশল
“আমি ঘণ্টা ধরে পড়িনি। লক্ষ্য ঠিক করতাম—কোন টপিকগুলো শেষ করতে হবে। প্রতিদিন সেগুলো সম্পূর্ণ করতাম।”
ডিএসপি পদে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন,
“আজ খুশি লাগছে। কিন্তু জীবনের শেষ কর্মদিবসে যদি নিজেকে বলতে পারি—আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি—সেদিনই সবচেয়ে বেশি খুশি হব।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন উত্তম কুন্ডু বলেন,
“প্রদীপ্ত শুধু খানাকুল বা আরামবাগের নয়, গোটা হুগলি জেলার গর্ব। রাজা রামমোহন রায়ের ভূমি খানাকুল থেকে উঠে এসে ও যে জায়গায় পৌঁছেছে, তা আমাদের সকলের জন্য গর্বের।








