হুগলির চন্ডীতলায় রহস্যজনক বাড়িতে পুলিশি হানা, ৭ জন আটক
হুগলি | চন্ডীতলা | বাঁধপুর
হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত বাঁধপুর পোস্ট অফিস সংলগ্ন একটি বাড়িকে ঘিরে দীর্ঘদিন ধরেই সন্দেহ দানা বাঁধছিল গ্রামবাসীদের মনে। প্রায় তিন মাস ধরে ওই বাড়িতে নিয়মিত একটি গাড়ি ও একটি বাইকের আসা-যাওয়া লক্ষ্য করেন স্থানীয়রা।
জানা যায়, ওই বাড়িতে ঝাড়খণ্ড থেকে আসা মোট ৭ জন ব্যক্তি বসবাস করছিলেন। তাদের কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসীরা বিষয়টি চন্ডীতলা থানার প্রশাসনকে জানায়।
খবর পেয়ে আজ চন্ডীতলা থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে ১২টি ল্যাপটপ এবং প্রায় ২৫-৩০টি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রামবাসীদের সহযোগিতায় ওই ৭ জন ব্যক্তিকে আটক করে চন্ডীতলা থানার পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।





