সংকটের আতঙ্ক! ব্যান্ডেলে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক, দুদিনে বিক্রি ৭০–৮০টি
সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক :
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের ঘরে ঘরে। ইরান, আমেরিকা এবং ইসরাইলের সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আর সেই প্রভাবেই দেশে রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
হুগলি জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই গ্যাস সরবরাহ নিয়ে সমস্যার অভিযোগ উঠতে শুরু করেছে। গৃহস্থালির সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রেও নতুন নিয়মের কথা জানানো হচ্ছে—২৫ দিনের আগে বুকিং নেওয়া হচ্ছে না। বুকিং করার পরও সময়মতো গ্যাস মিলছে না বলে অভিযোগ করছেন বহু গ্রাহক।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। কারণ রান্না করে খেতে তো হবেই। আর সেই কারণেই বিকল্প হিসেবে এখন অনেকেই ভরসা রাখছেন ইলেকট্রিক ইন্ডাকশন বা কুকটপের উপর।
হুগলির ব্যান্ডেল এলাকার একাধিক ইলেকট্রনিক্স দোকানে দেখা যাচ্ছে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক। দোকানদারদের দাবি, গত কয়েকদিনে হঠাৎ করেই কয়েকগুণ বেড়ে গেছে বিক্রি।
স্থানীয় ব্যবসায়ী পলাশ দাস জানান, আগে তাঁর দোকানে প্রতিদিন গড়ে তিন থেকে চারটি ইন্ডাকশন ওভেন বিক্রি হতো। কিন্তু গ্যাস সংকটের খবর ছড়িয়ে পড়ার পর গত দুদিনেই প্রায় ৭০ থেকে ৮০টি ইন্ডাকশন বিক্রি হয়ে গেছে। এমনকি দোকানে যত স্টক ছিল সব শেষ হয়ে যাওয়ায় নতুন করে পণ্য আনাতে হয়েছে।
তিনি আরও বলেন, গ্যাসের অনিশ্চয়তার কারণেই মানুষ এখন বিকল্প হিসেবে ইন্ডাকশন বা ইনফ্রারেড কুকটপ কিনছেন। অনেক নতুন মডেলের কুকটপ বাজারে এসেছে যেখানে বাড়ির সাধারণ বাসনেই রান্না করা যায়। ফলে আলাদা করে বাসন কিনতেও হচ্ছে না।
অন্যদিকে ক্রেতাদের কথাতেও উঠে এসেছে একই উদ্বেগ। অনেকেই বলছেন, গ্যাস বুকিং করার প্রায় এক মাস হয়ে গেলেও এখনো সিলিন্ডার বাড়িতে পৌঁছায়নি। ফলে বাধ্য হয়েই বিকল্প ব্যবস্থা হিসেবে ইন্ডাকশন কিনতে হচ্ছে।
একজন ক্রেতা জানান, রান্না না করে তো উপায় নেই। তাই ভবিষ্যতের কথা ভেবে বাড়িতে একটি ইন্ডাকশন রাখছেন। আরেকজনের কথায়, গ্যাসের দাম বাড়ছে, সরবরাহও অনিশ্চিত—এই পরিস্থিতিতে ইন্ডাকশনই এখন ভরসা।
সব মিলিয়ে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তার জেরে বাজারে ইন্ডাকশন কুকটপের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আগামী দিনে আরও বেশি মানুষ রান্নার জন্য ইন্ডাকশনের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।








