জাঙ্গিপাড়া থানার তৎপরতায় উদ্ধার হারানো ব্যাংকিং সামগ্রী
সন্তোষ প্রকাশ ব্যাংক কর্তৃপক্ষের
জাঙ্গিপাড়া | নিজস্ব প্রতিনিধি :
জাঙ্গিপাড়া থানার দক্ষতা ও দ্রুত পদক্ষেপে উদ্ধার হলো হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ব্যাংকিং সামগ্রী। পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে কানাড়া ব্যাংকের রাধানগর শাখার শাখা ব্যবস্থাপক শ্রী সৌমেন ধোলে জাঙ্গিপাড়া থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি জানান, থানার অন্তর্গত এলাকায় তাঁর একটি Acer ব্র্যান্ডের ব্যাংকিং ট্যাব, একটি বায়োমেট্রিক মেশিন এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং নথিপত্রসহ একটি ব্যাগ হারিয়ে গেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জাঙ্গিপাড়া থানার সাইবার হেল্প ডেস্ক দ্রুত তদন্ত শুরু করে। প্রযুক্তিগত সহায়তায় তদন্ত চালিয়ে হারানো ট্যাব ও সংশ্লিষ্ট সমস্ত ব্যাংকিং সামগ্রী হাওড়া জেলা থেকে সফলভাবে উদ্ধার করা হয়।
আজ উদ্ধারকৃত সমস্ত সামগ্রী যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। নিজের হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে শাখা ব্যবস্থাপক শ্রী সৌমেন ধোলে হুগলি রুরাল পুলিশ ও জাঙ্গিপাড়া থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, সাধারণ মানুষের নিরাপত্তা ও সম্পত্তি উদ্ধারে হুগলি রুরাল পুলিশ সর্বদা তৎপর ও দায়িত্বশীল।




