পোলবা রাজহাটে ভোটার তালিকা থেকে ৩৬৫ নাম বাদ, ভুয়াগাছি–জগৎপুরে সকাল থেকে পথ অবরোধ
পোলবা রাজহাট, হুগলি:
ভোটার তালিকা থেকে একই গ্রামের ৩৬৫ জনের নাম বাদ পড়ার অভিযোগে হুগলির পোলবা রাজহাট থানার অন্তর্গত ভুয়াগাছি–জগৎপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সকাল সাড়ে আটটা থেকে এলাকাবাসী পথ অবরোধে বসেন। প্রশাসনের চেষ্টায় শেষ পর্যন্ত অবরোধ ওঠে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনওরকম পূর্ব নোটিস বা যথাযথ যাচাই ছাড়াই একসঙ্গে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই গ্রামের মানুষজন রাস্তায় নেমে অবরোধ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পোলবা থানা সহ একাধিক থানার পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নামানো হয়েছে র্যাফ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএসপিডিএনটি প্রিয়ব্রত বক্সী।
অবরোধ তুলতে প্রশাসনের তরফে একাধিক দফায় আলোচনা চলছে।
রাজহাট পঞ্চায়েত প্রধান ও আলিনগর বিডিও ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন একটি চলমান ও নিয়মমাফিক প্রক্রিয়া।
যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা প্রয়োজনীয় নথি জমা দিলে নির্দিষ্ট পদ্ধতিতে নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। কোনও বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি বলেও দাবি প্রশাসনের।
তবে প্রশাসনিক আশ্বাস সত্ত্বেও এলাকাবাসী অবরোধ তুলে নিতে রাজি হননি। তাঁদের দাবি, দ্রুত তালিকা সংশোধন করে বাদ পড়া নামগুলির স্থায়ী সমাধান করতে হবে।
অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়েছে। প্রশাসনের অনুরোধে কেবলমাত্র অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হলেও, স্কুল পড়ুয়া শিশু ও দুধের গাড়ি আটকে পড়ে ভোগান্তির শিকার হয়েছে।
ভোটার তালিকা সংশোধন ঘিরে এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের আশ্বাসে অবরোধ কবে উঠবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।





