চন্ডীতলায় “দুই দেবাশিষ” ইস্যুর মাঝে বাম প্রার্থী আসেফ আলীর তোপ — “বিজেপি-তৃণমূল একই মুদ্রার এপিঠ-ওপিঠ”
মানুষ দুই ফুলের লড়াইয়ে ক্লান্ত, উন্নয়নের স্বার্থে বামফ্রন্টকেই বেছে নেবে — দাবি আসেফ আলীর
সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক: চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে নির্বাচন যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। “দুই দেবাশিষ”-এর লড়াইকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মাঝেই এবার সরব বামফ্রন্ট প্রার্থী আসেফ আলী। সরাসরি বিজেপি এবং তৃণমূল—দুই দলকেই একসাথে নিশানা করে তিনি দাবি করেছেন, এই দুই দল আসলে একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ।
আসেফ আলীর বক্তব্য, শুরুতে লড়াই কঠিন মনে হলেও, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পর তাঁর ধারণা বদলেছে। তাঁর কথায়, মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন—এবার এই দুই দলকে সরাতেই হবে। ফলে নির্বাচনী লড়াই এখন অনেকটাই সহজ বলে মনে করছেন তিনি।
একই নামের একাধিক প্রার্থী, বিশেষ করে “দেবাশিষ” নাম ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বলেন, এসব কোনও বড় ফ্যাক্টর নয়। বিজেপির সংগঠন এই কেন্দ্রে কার্যত নেই বলেই তাঁর দাবি। তাই এই ইস্যু নির্বাচনে বিশেষ প্রভাব ফেলবে না বলেই মনে করছেন তিনি।
তৃণমূলকে আক্রমণ করে তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার কারণে কিছু সুবিধাভোগী গোষ্ঠী এখনও সক্রিয় থাকলেও সাধারণ মানুষের মধ্যে সেই সাড়া নেই। নির্দল প্রার্থী হিসেবে একই নাম ব্যবহার করার বিষয়েও তিনি ইঙ্গিত দেন—এটা পরিকল্পিতভাবে ইস্যু তৈরি করার চেষ্টা হতে পারে।
দুর্নীতি, মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং রুজি-রোজগারের সংকট—এই সমস্ত ইস্যুকে সামনে এনে আসেফ আলীর দাবি, মানুষ এখন দুই বড় দলের উপরেই বিরক্ত। তাঁর কথায়, “বিজেপি এবং তৃণমূল—দুই দলই চুরিতে জড়িত, মানুষ এবার এই দুই ফুলকে ছুঁড়ে ফেলে দিতে প্রস্তুত।”
চন্ডিতলার উন্নয়ন, বিশেষ করে হাসপাতাল ও পরিকাঠামোর উন্নতির প্রশ্নে তিনি আত্মবিশ্বাসী—মানুষ এবার বামফ্রন্টের দিকেই ঝুঁকবে।







