স্বাধীনতা দিবসে মানবিক উদ্যোগ, বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশনের
নিজস্ব সংবাদদাতা, হুগলি:
দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ নিল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশন। স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

তারকেশ্বর বিধানসভার কোটালপুর-২ পঞ্চায়েতের ধরমপুর ধানকল মোড় এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় ৪০০ জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রায় ৫০০ জন স্কুলপড়ুয়ার জন্য খাতা, পেন ও পেনসিল বিতরণের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশনের রাজ্য সহ-সভাপতি রাকিবুল আলী, রাজ্য সাধারণ সম্পাদক অমিত ক্ষেত্রপাল এবং সাধারণ সম্পাদিকা ঝুমা ক্ষেত্রপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তী, জেলা কিষান মোর্চার সহ-সভাপতি পিন্টু চক্রবর্তী, তারকেশ্বর টাউনের সহ-সভাপতি দিলীপ দত্ত-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কর্মসূচিতে এলাকার মানুষ এবং স্কুলপড়ুয়ারাও অংশ নেন।
এই উদ্যোগ প্রসঙ্গে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশনের রাজ্য সাধারণ সম্পাদক অমিত ক্ষেত্রপাল জানান, ২০১৮ সাল থেকে তিনি মিশনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন। তাঁর বক্তব্য, মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। বিভিন্ন সময়ে ত্রাণ, পানীয় জল, ওষুধ কিংবা আহারের মাধ্যমে প্রয়োজনের সময় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছে সংগঠন।
অমিত ক্ষেত্রপালের কথায়, স্বাধীনতা দিবস শুধুমাত্র একটি জাতীয় উৎসব নয়; এই দিনটি প্রত্যেক নাগরিককে দেশের প্রতি নিজের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েও দেশসেবার বার্তা দেওয়া সম্ভব।
স্বাধীনতা দিবসের এই কর্মসূচিতে একদিকে দুঃস্থ মানুষের হাতে বস্ত্র, অন্যদিকে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশন। আগামী দিনেও মানুষের পাশে থেকে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সংগঠন।





