ডানকুনিতে পরিবেশকর্মীর উপর রড দিয়ে হামলা, গ্রেফতার শেখ সুইদুল

Published on: September 6, 2026

 সমাজবিরোধী কাজের প্রতিবাদ করায় পরিবেশকর্মীর উপর রড দিয়ে হামলা, ডানকুনিতে গ্রেফতার যুবক

ডানকুনি, নিজস্ব প্রতিনিধি : সমাজবিরোধী কাজের প্রতিবাদ করে পুলিশকে খবর দেওয়ায় পরিবেশকর্মীর উপর লোহার রড দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর জখম পরিবেশকর্মী শেখ মাবুদ আলি। ঘটনার পর অভিযুক্ত শেখ সুইদুল ওরফে হাব্বুকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দিল্লি রোডের ধারে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, দোকান মালিককে মারধরও করা হয়। সেই ঘটনা দেখতে পেয়ে পরিবেশকর্মী শেখ মাবুদ আলি ডানকুনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেখ সুইদুল নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগ, পরবর্তীতে থানা থেকে বেরিয়ে ফের ওই এলাকায় ফিরে আসে সুইদুল। দিল্লি রোডের ধারে পরিবেশকর্মী মাবুদ আলির উপর লোহার রড নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হন মাবুদ আলি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ও পুলিশ সূত্রের দাবি, চাকন্দী ঠনঠনিয়া পাড়ার বাসিন্দা শেখ সুইদুল ওরফে হাব্বুর বিরুদ্ধে এর আগেও ডানকুনি থানায় একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নেশাসক্ত ওই যুবক নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন এলাকায় চুরি ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করত। টাকা দিতে অস্বীকার করলে মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

যদিও অভিযুক্তের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। পরিবেশকর্মীর উপর হামলার ঘটনায় পুলিশ প্রাণে মারার চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।

ধৃত শেখ সুইদুল ওরফে হাব্বুকে আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।

আজই যোগাযোগ করুন👇
8697937345


ভ্রমণ দিশারী ট্যুর এন্ড ট্রাভেলস্

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now