দক্ষিণ দমদমে তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
অদিতি মুন্সি-দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ কাউন্সিলর সঞ্জয় দাসের মৃত্যুতে রাজনৈতিক মহলে জোর চর্চা
সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে নিজের ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত নাগেরবাজারের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সঞ্জয় দাস। তিনি রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। পুরসভা নির্বাচনে টিকিট পাওয়া থেকে শুরু করে পুরসভায় গুরুত্বপূর্ণ পদ পাওয়ার ক্ষেত্রেও দেবরাজ চক্রবর্তীর ভূমিকা ছিল বলে দলীয় সূত্রের দাবি।
স্থানীয়দের একাংশের দাবি, গত কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ— সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট মেলেনি।
এই ঘটনার রাজনৈতিক গুরুত্বও বাড়ছে। কারণ, সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে রয়েছে দক্ষিণ দমদম পুরসভা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এছাড়াও দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
এদিকে, অন্য একটি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী। অভিযোগ, নির্বাচনের আগে বিপুল সম্পত্তি বেনামে হস্তান্তর করা হয়েছিল। আদালত আপাতত ১৯ জুন পর্যন্ত তাঁদের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে। এই বিতর্কের আবহেই সঞ্জয় দাসের রহস্যমৃত্যু নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।







