হীরক জয়ন্তী বর্ষের সূচনায় খুঁটি পূজো, জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি শুরু চন্দননগরের গোন্দলপাড়া সাতঘাটে
সিঙ্গুর টিভি ওয়েবডেস্ক : রথযাত্রার শুভক্ষণে হিরক জয়ন্তী বর্ষের সূচনা উপলক্ষে খুঁটি পূজোর মধ্য দিয়ে জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি শুরু করল চন্দননগর-এর ঐতিহ্যবাহী গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পূজা কমিটি। এ বছর পূজা ৬০ বছরে পদার্পণ করায় বিশেষ কর্মসূচির আয়োজন করেছে উদ্যোক্তারা।
কমিটির সদস্য সুজিত কুমার বন্দ্যোপাধ্যায় জানান, হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষে ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান, থিম সং এবং লোগো প্রকাশ করা হয়েছে। এবার খুঁটি পূজোর মাধ্যমে মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জার আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী দিনে ধাপে ধাপে পূজার প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া হবে।
তিনি আরও জানান, পূজোর উদ্বোধনী অনুষ্ঠান, চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী শোভাযাত্রায় অংশগ্রহণ এবং সমাপ্তি অনুষ্ঠান-সহ একাধিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সন্ধ্যার অনুষ্ঠানে এ বছরের মণ্ডপের থিমও প্রকাশ করা হবে।
রথযাত্রার দিনকেই খুঁটি পূজোর জন্য বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এটি অত্যন্ত শুভ দিন। এই শুভক্ষণেই পূজার আনুষ্ঠানিক সূচনা হওয়ায় সকলের মঙ্গল কামনা করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যার অনুষ্ঠানে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
এদিন খুঁটি পূজো সম্পন্ন করেন পুরোহিত শৈলেন মুখার্জী। তিনি জানান, বর্তমানে বিভিন্ন দুর্গাপূজা ও জগদ্ধাত্রী পূজা কমিটিতে খুঁটি পূজোর প্রচলন থাকলেও এর মূল তাৎপর্য বাস্তুর পূজো। যে স্থানে দেবীর মণ্ডপ নির্মিত হবে, সেখানে বাস্তুদেবতার আরাধনার মাধ্যমে পূজার সমস্ত আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং এলাকার মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি অন্যান্য দেব-দেবীরও পূজা করা হয়।

